শ্রীশ্রীঠাকুররামকৃষ্ণ , শ্রীশ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শে মালিগাওয়ে ভক্তিমূলক অনুষ্ঠান সম্পন্ন।
গুয়াহাটি , ২ নভেম্বর: শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীশ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবধারাকে সামনে রেখে মালিগাও বি.জি. কলোনিতে এক বিশেষ ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার, বি.জি. কলোনির রামকৃষ্ণ ভক্তবৃন্দের উদ্যোগে স্থানীয় মালিগাও শিবমন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর অতিথি সংবর্ধনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন ও শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের আয়োজন করা হয়। পাণ্ডু-মালিগাঁও এলাকার তিনটি সারদা সংঘের মায়েদের পরিবেশিত ভক্তিমূলক সংগীত অনুষ্ঠানে বিশেষ আধ্যাত্মিকতা দেখা দেয়।পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রামনাম সংকীর্তন। দীর্ঘ সময় ধরে চলা এই সংকীর্তনে উপস্থিত ভক্তদের মধ্যে এক অপূর্ব ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, ভক্তি ও সেবার আদর্শকে আরও সুদৃঢ় করার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকল অতিথি, শিল্পী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেকের প্রতি মালিগাও বি.জি. কলোনি রামকৃষ্ণ ভক্তবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীমা ও স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনেও এ ধরনের ভক্তিমূলক, সেবামূলক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।



No comments