চিত্রশিল্পী দীপ্তেন্দু ভাওয়ালের চিত্রগ্রন্থ "ব্রুস অফ সিগ্নিফিকেন্স" প্রকাশিত।
গুয়াহাটি ২ নভেম্বর :-চিত্রশিল্পী দীপ্তেন্দু ভাওয়ালের চিত্রগ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয় "ব্রুস অফ সিগ্নিফিকেন্স" । উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট প্রবীণ চিত্রশিল্পী দীপ্তেন্দু ভাওয়াল।১৯৫৬ সালে আসামের গুয়াহাটিতে জন্মগ্রহণ করেন। পিতা পীযূষ কান্তি ভাওয়াল ও মাতা সবিতা রানী ভাওয়াল।
শিল্পীর রং তুলির ভাবনা শুরু হয় স্কুলের খাতায় গোপনে ছবি আঁকা থেকে। আঁকার মধ্যে প্রাকৃতিক দৃশ্য, গাছ, নদী, নৌকা, মানুষ ও পশুপাখি ফুটে উঠত। স্কুল ও কলেজ জীবন শেষ করার পর তিনি আসাম সরকারের আর্ট অ্যান্ড ক্র্যাফট কলেজে ভর্তি হন। পাঁচ বছরের কোর্স সম্পন্ন করার পর সফলভাবে স্নাতক হন। এরপর তিনি ভারতীয় রেলওয়েতে চাকরি লাভ করেন। চাকরি কালে বিভিন্ন জায়গায় ঘুরে কর্ম দক্ষতা অর্জন করেন। এরপর তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান কার্যালয় মালিগাঁও থেকে অবসর গ্রহণ করেন। তাঁর শৈশব, কৈশোর, যৌবন ও প্রাপ্তবয়স্ক জীবনও গুয়াহাটিতে কাটিয়েছেন কিন্তু বর্তমানে মুম্বাইয়ে বসবাস করেন।
চিত্রশিল্পীর পাশাপাশি তিনি একজন নাট্যানুরাগী ব্যক্তিত্বও ছিলেন, বহু একাঙ্ক ও পূর্ণদৈর্ঘ্য নাটক প্রযোজনা ও পরিচালনা করেছেন। ছবির মতোই নাটকও ছিল শিল্পীর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
চিত্রশিল্পীর শিল্পকলা কখনো এককভাবে, কখনও যৌথভাবে দিল্লি, মুম্বাই, কলকাতা, গুয়াহাটি ইত্যাদি বিভিন্ন স্থানের আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়ে ।সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বহু মূল্যবান বইয়ের প্রচ্ছদও এঁকেছেন। শৈশব থেকে বর্তমান পর্যন্ত, তাঁর চিত্রকলার চরিত্র, বিষয়বস্তু ক্যানভাসে ফুটিয়ে তোলেন । কখনো নারী, কখনও পুরুষ, কখনও বা নারী-পুরুষ একসঙ্গে অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে ছবিগুলো বাস্তব রূপ পেয়েছে। এছাড়া সমাজের নিপীড়িতদের জীবন ও দুঃখকষ্ট তাঁর চেতন বা অবচেতন মনে আঘাত হানে, অসহায় ও নিঃস্ব মানুষের আশা, আকাঙ্ক্ষা ও বেদনা তাঁর রং তুলির বিষয়বস্তু হয়ে ওঠে, যা তিনি অবশেষে ক্যানভাসে ফুটিয়ে তোলেন। শিল্পী তাঁর শৈল্পিক সাধনায় আজও গভীরভাবে নিমগ্ন।



No comments