প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে শুরু শারদোৎসব: কংক্রিটের শহর থেকে গ্রামীণ বাংলার পুজো
গুয়াহাটি,6 অক্টোবর: দুর্গা পূজা আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। চারিদিকে এখন বইছে এক আনন্দঘন পুজো পুজো ভাব। মা আসছেন—এই আনন্দে কংক্রিটের শহর থেকে শুরু করে সুদূর গ্রামবাংলা, সবখানেই বইছে সাজসাজ রব।
শহরের যান্ত্রিক জীবনে জাঁকজমকপূর্ণ থিম আর বিশাল বাজেটের পুজোর কদর বেশি হলেও, গ্রামের পুজো সম্পূর্ণ আলাদা এক আবহ তৈরি করে। শহরের মতো এখানে চোখ ধাঁধানো থিমের ছড়াছড়ি না থাকলেও, গ্রামীণ পূজাগুলি অত্যন্ত সাত্বিক, ঐতিহ্যবাহী এবং ভক্তিভরে উদযাপিত হয়। সাবেকিয়ানার ছোঁয়া আর বারোয়ারি মেলবন্ধনেই গ্রামের পুজো আজও জীবন্ত।
শহরের পাশাপাশি এই উৎসবের আনন্দে সমান তালে সেজে উঠেছে গ্রামের পুজো কমিটিগুলোও। মণ্ডপ সাজানো, আলোকসজ্জা আর প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততায় মুখরিত গ্রামীণ জনপদ। মানুষের এই আনন্দের প্রস্তুতিতে যেন রঙ মিলিয়ে সেজে উঠেছে প্রকৃতিও।
শরতের স্নিগ্ধ ভোরে চারপাশ মো মো করছে শিউলি ফুলের গন্ধে। মাঠ জুড়ে এখন সবুজ ধানের সমারোহ, যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। নদী বা খালের কিনারে বাতাসে দুলছে সাদা কাশফুল। নীল আকাশে পেঁজতুলা মেঘের ভিড় জানান দিচ্ছে মায়ের আগমনের বার্তা।
সব মিলিয়ে, প্রকৃতি আর মানবমন—উভয়েই আজ প্রস্তুত মহামায়াকে বরণ করে নিতে। শহর হোক কিংবা গ্রাম, আনন্দ ও ভক্তির এই সার্বজনীন উৎসবে মেতে উঠতে মুখিয়ে রয়েছে আপামর বাঙালি।



No comments