জুবিন গর্গের স্মরণে পাণ্ডু-মালিগাঁওয়ে দিনভর শ্রদ্ধা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর: প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার পাণ্ডু, মালিগাঁওসহ বৃহত্তর গুয়াহাটি এলাকায় দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ ও জুবিন অনুরাগীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় শিল্পীকে স্মরণ করেন। তাঁর গান, সুর ও সৃষ্টির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান নবপ্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও।
এই উপলক্ষে রেস্টক্যাম্প কালীবাড়ি ময়দানে ‘আমরা সবাই’-র উদ্যোগে একটি বিশেষ সাংস্কৃতিক মঞ্চের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিল্পী জুবিন গর্গের গান, সুর ও কবিতা পরিবেশনের মাধ্যমে তাঁকে স্মরণ করেন। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিল্পীর প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটে।
এদিন সন্ধ্যায় কলেজ গেটের সনাতন দেবালয়-এর উদ্যোগেও জুবিন দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রাণের শিল্পী ও হৃদয়ের স্পন্দন জুবিন গর্গের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে উপস্থিত সকলে একটি করে প্রদীপ প্রজ্বলন করে তাঁর সৃষ্ট জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশনের মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের পাশাপাশি নবপ্রজন্মের যুবক-যুবতীরাও উপস্থিত ছিলেন। প্রজন্মের ব্যবধান ভুলে জুবিনের গান ও সৃষ্টিকে কেন্দ্র করে সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
অন্যদিকে, বৃহত্তর পাণ্ডু সাহিত্য সভা-র উদ্যোগে সংগীতসুধাকর জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যা ৫টায় পাণ্ডু রেলওয়ে বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাহিত্যসাধক, সাহিত্যপ্রেমী, সমাজকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে মহান শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সভাপতি সুভাষচন্দ্র দাস ও সম্পাদক চন্দন মোড়ল এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
এদিকে, মালিগাঁও চারালিতেও সাধারণ মানুষ ও জুবিন অনুরাগীরা বিভিন্ন স্থানে প্রয়াত শিল্পীর ছবি স্থাপন করে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। গান, কবিতা, প্রদীপ প্রজ্বলন ও স্মরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বত্রই জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী আবেগ ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। তাঁর সৃষ্টিশীলতা ও সংগীতের স্মৃতি যে মানুষের হৃদয়ে এখনও গভীরভাবে অমলিন, এদিনের বিভিন্ন কর্মসূচিতে তারই প্রতিফলন দেখা যায়।





No comments