Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু কিরণ হাউজিং কমপ্লেক্সে পঞ্চম বর্ষে দুর্গাপূজার আয়োজন।


মালিগাঁও, ২৮ সেপ্টেম্বর: শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পান্ডু কিরণ হাউজিং কমপ্লেক্সে এ বছর পঞ্চম বর্ষে দুর্গাপূজার আয়োজন করা হবে। আবাসিকদের সম্মিলিত উদ্যোগে ও বিশেষ করে মহিলা সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পূজার প্রস্তুতি চলছে জোরকদমে। প্রায় তিন লক্ষ টাকারও বেশি বাজেটে দুর্গাপূজা। এই হাউজিং কমপ্লেক্সে মোট ৪৮টি ফ্ল্যাট রয়েছে।


মহিষাসুরমর্দিনী মা দুর্গার আগমনে চারদিকে যখন শারদীয় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, তখন ভক্তদের মনে জাগে নতুন আশা, আনন্দ ও শুভশক্তির আরাধনা। সিংহবাহিনী দশভুজা মা দুর্গা অসুরনাশিনী রূপে অন্যায় ও অশুভ শক্তির বিনাশ ও সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার প্রতীক। মা দুর্গার দশ হাতে শোভা পায় বিভিন্ন অস্ত্র, আর তাঁর পদতলে পরাজিত মহিষাসুর। সঙ্গে থাকেন দেবী লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। এই দেবীপরিবারকে ঘিরেই আবর্তিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দ ও ভক্তি।

কিরণ হাউজিং কমপ্লেক্সের পূজামণ্ডপের সাজসজ্জা ও ক্যাটারিংয়ের দায়িত্বে রয়েছেন মালিগাঁওয়ের সুবল রায়ের প্রতিষ্ঠান ‘মা সারদা ডেকোরেটর্স অ্যান্ড ক্যাটারার্স’। আলোকসজ্জার দায়িত্ব পালন করবেন  নিডন। মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন  সম্পাদক। প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন আমিনগাঁওয়ের ‘মা কালী শিল্পালয়’- উত্তম পাল।

মহালয়ার দিন প্রভাতফেরির মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। পূজার উদ্বোধনী অনুষ্ঠানে আবাসনের মহিলা ও শিশুরা আগমনী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পূজার প্রতিদিন আবাসনের বাসিন্দাদের জন্য মধ্যাহ্নভোজে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, মণ্ডপে আগত ভক্তদের জন্য সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের দিনগুলিতে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।


কিরণ হাউজিং কমপ্লেক্সের দুর্গাপূজার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো মহিলাদের সক্রিয় নেতৃত্ব ও পরিচালনা। পূজার বাজার করা থেকে শুরু করে পূজার যাবতীয় প্রস্তুতি, পুরোহিতের পাশে বসে পূজার আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ, নৃত্য পরিবেশন, মহাপ্রসাদ পরিবেশন, রচনা প্রতিযোগিতার প্রস্তুতি, মণ্ডপের নকশা ও সাজসজ্জা, চাঁদা সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রতিমা নিয়ে আসার ব্যবস্থা এবং নিরঞ্জনের শোভাযাত্রায় ভিড় সামলানো—প্রতিটি ক্ষেত্রেই মহিলা সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে এই উদ্যোগকে সফল করে তুলতে আবাসনের পুরুষ সদস্যরাও যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।


সমিতির সম্পাদক ঋতুশ্রী দে পাল জানান, তাঁদের দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি নারীশক্তি, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টারও প্রতীক। মহিলাদের নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে এই পূজা নারী ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আবাসনের সভানেত্রী মিত্রা রায়ের নেতৃত্বে আবাসনের সকল সদস্যের সহযোগিতায় এবারের দুর্গোৎসবকে আনন্দময় ও স্মরণীয় করে তোলার প্রস্তুতি চলছে।

আনন্দ, ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে কিরণ হাউজিং কমপ্লেক্সের পঞ্চম বর্ষের দুর্গোৎসব আবাসনের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

No comments

Powered by Blogger.