মালিগাঁও কালী বাড়ির দুর্গাপূজার এবারের থিম ‘জীববৈচিত্র্য’
গুয়াহাটি, ৩ অক্টোবর: শারদোৎসবের আনন্দধ্বনি আর দেবী দুর্গার আগমনের প্রতীক্ষায় সেজে উঠছে মালিগাঁও কালী বাড়ি। দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। এ বছর মালিগাঁও কালী বাড়ির দুর্গাপূজা ৭৬ বছরে পদার্পণ করছে। এবারের পুজোর মূল আকর্ষন। ‘জীববৈচিত্র্য’ (Biodiversity) বিষয়বস্তুর ওপর ভিত্তি করে নির্মিত মণ্ডপসজ্জা। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের বার্তা তুলে ধরার পাশাপাশি মা দুর্গার আরাধনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহ সৃষ্টি করাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফ রেলওয়ে) জেনারেল ম্যানেজার আনুষ্ঠানিকভাবে এই দুর্গাপূজার উদ্বোধন করবেন।
এবারের দুর্গোৎসবে দেবী দুর্গার প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন কলকাতার বিশিষ্ট প্রতিমাশিল্পী পীযূষ বাগ। প্রতিমা নির্মাণে ব্যয় ধার্য করা হয়েছে ২ লক্ষ ৩০ হাজার টাকা। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছে মালিগাঁও প্রাগজ্যোতিষ নগরের ‘ক্রিস্টেল স্পার্ক ডেকোরেটর’। অন্যদিকে, মালিগাঁও গোশালার ‘বাবা লোকনাথ ইলেকট্রিক্যালস’-এর তত্ত্বাবধানে সম্পন্ন হবে আলোকসজ্জার কাজ। এবারের পুজোর মোট বাজেট প্রায় ২০ লক্ষ টাকা।
দে বী দুর্গার বন্দনা, পুষ্পাঞ্জলি, আরতি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এবারের পুজোয় থাকছে নানা সাংস্কৃতিক কর্মসূচি। আগামী ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭ অক্টোবর অঙ্কন প্রতিযোগিতা, ১৮ অক্টোবর আধুনিক নৃত্য প্রতিযোগিতা এবং ২০ অক্টোবর আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে কুমারী পূজার। এই উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ইতিমধ্যেই লক্ষ করা যাচ্ছে।
পাশাপাশি, আগামী ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভক্তদের মধ্যে প্রসাদ ও ভোগ বিতরণ করা হবে। মা দুর্গার আশীর্বাদ কামনায় পুজোর দিনগুলিতে বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
মা দুর্গার আরাধনা, জীববৈচিত্র্যের বার্তা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এবারের মালিগাঁও কালী বাড়ির দুর্গোৎসব বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে পুজো কমিটির সদস্যদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে।

No comments