শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে স্মরণ: গুয়াহাটিতে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
গুয়াহাটি:13।সেপ্টেম্বর বাঙালির চিরকালীন আবেগের অন্য নাম মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার রূপক আর জাদুকরী ব্যক্তিত্ব আজও দর্শকদের হৃদয়ে অমলিন। তাঁর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে গুয়াহাটির পাণ্ডব নগর (বরিপাড়া) স্থিত কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া প্রেক্ষাগৃহে শনিবার রাতে এক বর্ণাঢ্য ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সাংস্কৃতিক সংকল্প’-এর নিবেদনায় এবং কলকাতার বিশিষ্ট শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহানে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী এবং বাংলা গান-চলচ্চিত্রের অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।
সন্ধ্যায় শুরু হওয়া এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতা থেকে আগত বিশিষ্ট শিল্পীবৃন্দ মহানায়ক উত্তম কুমার অভিনীত বিভিন্ন জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্রের গান গেয়ে শোনান। শিল্পীদের জাদুকরী কণ্ঠে সেই সুরের মূর্ছনা পুরো প্রেক্ষাগৃহের পরিবেশকে নস্টালজিক করে তোলে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়ন্ত দে, পল্লব ঘোষ, রুদ্র সৈকত, স্বাক্ষর বসু এবং দেববর্তী দাশগুপ্ত সরকারের মতো নামী শিল্পীরা। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং মহানায়কের সোনালী দিনগুলোকে চোখের সামনে ফুটিয়ে তোলে।
মহানায়কের স্মৃতিচারণ, তাঁর অভিনীত চিরস্মরণীয় গান পরিবেশন এবং অভিনয়ের নানা সোনালী দিক নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি গুয়াহাটির সাংস্কৃতিক মহলে এক অনন্য মাত্রা যোগ করেছে। এদিনের অনুষ্ঠানে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বহু সংগীতপ্রেমী মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে এক ঐতিহাসিক সাফল্য উপহার দেন। এই উপলক্ষ্যে একটি স্মরনিকার উন্মোচন করা হয়।



No comments