Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

ধারাবাহিক বৃষ্টিতে কৃত্রিম বানের কবলে জালুকবাড়ি, পান্ডু ও মালিগাও একাধিক এলাকা।


 

গুয়াহাটি, ২০ জুলাই: টানা বৃষ্টি হলেই জালুকবাড়ি, পান্ডু ও মালিগাও এলাকার বাসিন্দাদের মধ্যে কৃত্রিম বানের আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে ওঠেছে।গত কয়েকদিন ধরেই একই সমস্যার মুখোমুখি হয়েছে হাজার হাজার মানুষ। রবিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এবং সোমবার সকাল পর্যন্ত অব্যাহত বর্ষণের ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তাঘাট, আবাসিক এলাকা ও পার্কিং প্রাঙ্গণে জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জালুকবাড়ি এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত গাড়িগাঁও এলাকা। পাশাপাশি পান্ডুর পুরান পান্ডু বাজার, পান্ডু বাজার, লোক কলোনী, আদাবাড়ি, বিবিসি কলোনী, জয়মতি নগর, শঙ্কর নগর, আনন্দ নগর, কামাখ্যা নগর, বড়িপাড়া ও ট্রায়াঙ্গুলার, একাউন্টস কলোনীসহ মালিগাওয়ের বিভিন্ন এলাকা কৃত্রিম বানের জলে প্লাবিত হয়। অনেক এলাকায় জল বাড়িঘরে ঢুকে পড়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, কামাখ্যা নগরের একাধিক আবাসনের পার্কিং এলাকাও জলে তলিয়ে যায়। বিশেষ করে শ্রীভূমি অ্যাপার্টমেন্টের পার্কিং প্রাঙ্গণে কোমর সমান জল জমে থাকায় সেখানে রাখা বহু গাড়ি বিকল হয়ে পড়ে। শুধু যানবাহনের ক্ষতিই নয়, জলাবদ্ধতার কারণে আবাসনের বাসিন্দাদের অফিস, স্কুল ও কলেজে যাওয়াও কার্যত অসম্ভব হয়ে ওঠে। সকাল থেকেই বহু মানুষ জল ঠেলে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা এবং জল নিষ্কাশনের অভাবেই সামান্য ভারী বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বলে তাঁদের দাবি। ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত কৃত্রিম বানের স্থায়ী সমাধান ও  জল নিকাশি ব্যবস্থার দাবিতে সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

No comments

Powered by Blogger.