Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

খুঁটি পূজার মধ্য দিয়ে কামাখ্যা নগরে ৩২তম দুর্গাপূজার সূচনা,


 

গুয়াহাটি, ২৬ জুলাই: রবিবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশের মধ্য দিয়ে কামাখ্যা নগরে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। এই খুঁটি পূজার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সূচনা হলো কামাখ্যা নগরের ৩২তম দুর্গাপূজার। পূজা কমিটির নবীন, প্রবীণ সদস্য এবং এলাকার মহিলাদের সক্রিয় উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও স্থানীয় বাসিন্দা।

অনুষ্ঠানের শুরুতেই পুরোহিত মহাশয় বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার আচার সম্পন্ন করেন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও মহিলাদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ। এই শুভক্ষণে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের প্রতীকী আহ্বান জানানো হয় এবং মণ্ডপে অধিষ্ঠানের জন্য তাঁকে প্রথম আনুষ্ঠানিক আমন্ত্রণ নিবেদন করা হয়। উপস্থিত ভক্তরা দেবীর কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের দুর্গাপূজা বিশেষ আকর্ষণ নিয়ে অনুষ্ঠিত হবে। ভক্ত ও দর্শনার্থীদের জন্য এ বছর মণ্ডপ নির্মাণ করা হবে ওড়িশার ঐতিহ্যবাহী পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, যা নিঃসন্দেহে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জা, প্রতিমা ও সাংস্কৃতিক আয়োজনেও থাকবে বিশেষ চমক।

এবারের দুর্গাপূজার জন্য আনুমানিক ২৫ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে।

এবারের পূজা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আশিষ সরকার। সাধারণ সম্পাদক রয়েছেন সঞ্জয় সেনগুপ্ত ও সঞ্জয় দাস, এবং কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন সুভাষ নাথ। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের দুর্গোৎসবকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে তারা বদ্ধপরিকর।

No comments

Powered by Blogger.