আনন্দনগর মহিলা সমিতির উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
গুয়াহাটি,22 জুন,সমগ্র বিশ্বের সাথে সংগতি রেখে গত রবিবার তারিখে আনন্দনগরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো। সুস্থ জীবনযাপন, শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ দিনটিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় স্থানীয় মহিলারা।
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 'আনন্দনগর মহিলা সমিতি'-র সদস্যাদের সক্রিয় অংশগ্রহণে একটি বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল মহিলা সমিতির মাননীয়া প্রেসিডেন্ট শ্রীমতি চয়না চ্যাটার্জী-র আনন্দনগরস্থিত নিজস্ব বাসভবন আনন্দভবনে মূল অনুষ্ঠান এবং যোগাভ্যাস পর্বটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।
এই বিশেষ যোগ শিবিরে উপস্থিত সদস্যাদের সঠিক পদ্ধতিতে যোগব্যায়াম, আসন ও প্রাণায়াম শেখানোর জন্য উপস্থিত ছিলেন দুজন অভিজ্ঞ যোগ প্রশিক্ষক। তাঁরা হলেন শ্রীমতি শান্তা চক্রবর্তী এবং শ্রীমতি দেবযানী পোদ্দার মহাশয়া। প্রশিক্ষকদ্বয় উপস্থিত সকলকে নিয়মিত যোগাভ্যাসের উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং দৈনন্দিন জীবনে কীভাবে সহজ কিছু আসনের মাধ্যমে শরীর ও মনকে রোগমুক্ত রাখা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করেন।
সমিতির সদস্যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি দীর্ঘ ২ (দুই) ঘণ্টা সময় ধরে চলে। উপস্থিত সকলে অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি আসন অনুশীলন করেন। অনুষ্ঠান শেষে সমিতির প্রেসিডেন্ট শ্রীমতি চয়না চ্যাটার্জী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও সুস্থ সমাজ গঠনে এই ধরণের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সফল আয়োজনটি এলাকার মহিলাদের মধ্যে স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


No comments