কামাখ্যা স্টেশনে অগ্নিকাণ্ড পরিস্থিতি মোকাবিলায় মক ড্রিল
গুয়াহাটি, ১৮ জুন: আসন্ন অম্বুবাচী মেলা উপলক্ষে যাত্রী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার কামাখ্যা রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ড ও পরিস্থিতি মোকাবিলায় এক বিশেষ যৌথ মক ড্রিল বা মহড়ার আয়োজন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা যাচাই করা।
রেলওয়ে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণ করে রেলওয়ে কর্মী, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), সরকারি রেল পুলিশ (জিআরপি), পাণ্ডু ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ও মালিগাঁও সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দল। মহড়াটি অনুষ্ঠিত হয় কামাখ্যার স্টেশন এলাকায়।
মহড়ার সময় স্টেশনে অগ্নিকাণ্ডের একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ভিড়ের চাপে পদদলিত হয়ে আহত ব্যক্তিদের কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া যায়, তারও বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। সংশ্লিষ্ট বাহিনী ও কর্মীদের মধ্যে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
সফলভাবে সম্পন্ন হওয়া এই যৌথ মহড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নথিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এসব পর্যবেক্ষণ ভবিষ্যতে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে অধিক কার্যকর করে তুলতে সহায়ক হবে।

No comments