পান্ডু কামাখ্যা নগর ঐক্যতানের উদ্যোগে দিনব্যাপী বসন্ত উৎসব উদযাপন
গুয়াহাটি, ৪ মার্চ: হোলি বা রঙের উৎসব ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে পালিত হয়। এদিন মানুষ একে অপরকে রং লাগিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। বসন্তের আগমনী বার্তা নিয়ে এই উৎসব বিশেষ তাৎপর্য বহন করে। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন-এ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-কে স্মরণ করে নাচ, গান, কবিতা ও রঙের আবেশে বসন্ত উৎসব পালনের ঐতিহ্য দীর্ঘদিনের। সেই ধারাকে অনুসরণ করে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের বাঙালিরা দোল পূর্ণিমার দিনটিকে বসন্ত উৎসব হিসেবে উদযাপন করে থাকেন।
শুভময় ভট্টাচার্য
এই ঐতিহ্যের সঙ্গতি রেখে পান্ডু কামাখ্যা নগরে ‘ঐক্যতানের’- পরিচালনায় কামাখ্যা নগর দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই উৎসবের আবহে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। প্রথম পর্বে এলাকার পুরুষ ও মহিলারা একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে গানের তালে প্রভাতফেরি বের করেন। এই প্রভাতফেরি কামাখ্যা নগর দুর্গা মণ্ডপ থেকে শুরু হয়ে পান্ডুর আশপাশের কয়েকটি এলাকা পরিক্রমা করে পুনরায় দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এসে শেষ হয়।
শুভময় ভট্টাচার্য
এরপর দ্বিতীয় পর্বে মণ্ডপ প্রাঙ্গণে পুরুষ, মহিলা ও শিশুরা একত্রিত হয়ে কৃষ্ণলীলা স্মরণে নৃত্য, সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন। রঙ, সুর ও ছন্দের মেলবন্ধনে দিনটি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। উল্লেখ্য, এলাকার কয়েকজন প্রবীণ নাগরিকও তাদের বাল্যকালের স্মৃতি রোমন্থন করে এদিনের রঙের উৎসবে অংশ নেন। সব মিলিয়ে কামাখ্যা নগর র এই বসন্ত উৎসব সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর এক স্মরণীয় দিনে পরিণত হয়।


No comments