Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

ডাঃ সুজিত চক্রবর্তীর স্মরণে আলোচনা চক্র ও স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ।


 

গুৱাহাটী, ১১ নভেম্বর: উত্তর-পূর্ব সীমান্ত রেলের মালিগাঁও, বঙাইগাঁও ও আলিপুরদুয়ার জংশনে চিকিৎসা আধিকারিক হিসেবে দীর্ঘদিন সেবা প্রদান করা পাণ্ডুর  বাসিন্দা ডাঃ সুজিত চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৩ নভেম্বর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সতীর্থ, পরিবারের সদস্য ও গুণমুগ্ধদের উদ্যোগে গঠন করা হয়েছে ‘ডাঃ সুজিত চক্রবর্তী স্মৃতিরক্ষা সমিতি’।


উল্লেখ্য, গুয়াহাটি পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর, প্রগতিশীল বামপন্থী আদর্শে বিশ্বাসী ও ব্যতিক্রমী ব্যক্তিত্বের অধিকারী ডাঃ চক্রবর্তীর স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে গত ৬ জুন মালিগাঁওয়ের প্রবীণ নাগরিক ও সমাজকর্মী ভূপেন কলিতার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই স্মৃতিরক্ষা সমিতি গঠন করা হয়।


সমিতির উপদেষ্টা হিসেবে রয়েছেন ডাঃ চন্দ্রমোহন শর্মা, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ সাধন দাস, ডাঃ হর্ষ ভট্টাচার্য, ডাঃ মৃণালকান্তি সূত্রধর, ডাঃ মনোরঞ্জন শর্মা, ডাঃ নয়ন শর্মা, ডাঃ কালীপ্রসাদ শর্মা, ডাঃ মৃণাল বর্মন, ডাঃ ব্রজ দাস ও নীহাররঞ্জন আচার্য। ভূপেন কলিতাকে সভাপতি, সুতপা চক্রবর্তীকে মুখ্য সম্পাদক ও শিশির শোভন চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।


আশির দশকে অসমে গণসংস্কৃতি বিকাশ সমিতি গঠনের অন্যতম প্রধান উদ্যোক্তা ডাঃ চক্রবর্তী অন্ধবিশ্বাস ও কুসংস্কারবিরোধী আন্দোলনের পাশাপাশি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দেশ ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে সমিতির পক্ষ থেকে আগামী ১৬ নভেম্বর তাঁর ৮৩তম জন্মদিন উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ ও আলোচনা চক্রের আয়োজন করা হয়।


গুয়াহাটির উজানবাজারস্থিত বিবেকানন্দ কেন্দ্রে ‘নাগরিকের স্বাস্থ্য অধিকার’ শীর্ষক এই আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের পিপলস রিলিফ কমিটির সম্পাদক ও সর্বভারতীয় জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট সংগঠক ও চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম।


অনুষ্ঠানটি সফল করে তুলতে ডাঃ চক্রবর্তীর সতীর্থ, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক আবেদন জানিয়েছে স্মৃতিরক্ষা সমিতি।

No comments

Powered by Blogger.