Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু আনন্দনগরের কৃষ্ণা রাধাকৃষ্ণ ও গোকুল ধাম আবাসনের দুর্গাপুজো বর্ণাঢ্য আয়োজন



মালিগাঁও, ১১ অক্টোবর: শারদোৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত পান্ডু-আদাবাড়ির আনন্দনগর এলাকার কৃষ্ণা রাধাকৃষ্ণ ও গোকুল ধাম আবাসনের দুর্গা পূজা। প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে আয়োজন করা হয়েছে মা দুর্গার আরাধনার। এ বছর এই দুর্গাপুজো ২৭ বছরে পদার্পণ করল। তিনটি আবাসনের মোট ১০০টি ফ্ল্যাটের বাসিন্দাদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে আবাসনগুলিতে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের দুর্গোৎসবের বাজেট প্রায় সাত লক্ষ টাকা। মা দুর্গার প্রতিমা তৈরি করবেন বিশিষ্ট মৃৎশিল্পী মাখন পাল। প্রায় ১১ ফুট উচ্চতার সুদৃশ্য প্রতিমায় দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে ভক্তদের সামনে আবির্ভূতা হবেন। আলোকসজ্জার মাধ্যমে পুজো প্রাঙ্গণকে বর্ণময় ও আকর্ষণীয় করে তুলবেন রাজদীপ ডেকোরেটর। ষষ্ঠীর দিন আবাসনের প্রবীণ ব্যক্তির হাত ধরে মায়ের প্রতিমা উন্মোচনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে।

পুজো কমিটির সভাপতি চঞ্চল নাগ, সম্পাদক আশীষ কুমার দে এবং কোষাধ্যক্ষ সুব্রত রায়ের নেতৃত্বে চলছে পুজোর প্রস্তুতি। কমিটির সদস্যদের পাশাপাশি আবাসনের মহিলারাও পুজোর আয়োজন ও পরিচালনায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করবেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে শুরু করে উৎসবের বিভিন্ন কর্মসূচি—সব ক্ষেত্রেই আবাসিকদের সম্মিলিত অংশগ্রহণ এই পুজোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

মা দুর্গার আরাধনায় সম্প্রীতি ও মিলনের বার্তাশুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এই দুর্গোৎসব আবাসনের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলার এক বিশেষ উপলক্ষ। মা দুর্গার আগমনকে কেন্দ্র করে ছোট থেকে বড়—সকলের মধ্যেই দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। পুজোর দিনগুলিতে ধর্মীয় রীতিনীতি ও আচার-অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলারও আয়োজন করা হয়েছে। এর ফলে উৎসবের আনন্দে শামিল হওয়ার সুযোগ পাবেন আবাসনের বিভিন্ন বয়সের বাসিন্দারা।

সব মিলিয়ে, এই বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে পান্ডু-আদাবাড়ির কৃষ্ণা রাধাকৃষ্ণ ও গোকুল ধাম আবাসনের দুর্গোৎসব এবারও ভক্তি, আনন্দ ও সম্প্রীতির এক সুন্দর মেলবন্ধন হয়ে উঠবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। মায়ের আগমনে আলোকিত হবে আবাসন প্রাঙ্গণ, আর দেবী দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে—এই প্রার্থনাই আবাসিকদের।

No comments

Powered by Blogger.