Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

স্বপ্ন দিয়ে বোনা কাল্পনিক জগত সাজছে পান্ডু কামাখ্যা কলোনির ৬৪তম দুর্গাপূজা


প্রতীকী ছবি
 

গুয়াহাটি, ৬ অক্টোবর: দুর্গাপূজার প্রস্তুতিতে ইতিমধ্যেই উৎসবের আমেজে সেজে উঠছে মালিগাঁও-পান্ডু এলাকার বিভিন্ন প্রান্ত। দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র পান্ডু কামাখ্যা কলোনি দুর্গাপূজা কমিটিও এবার তাদের ৬৪তম বর্ষকে স্মরণীয় করে তুলতে বিশেষ থিমের পরিকল্পনা গ্রহণ করেছে। এবারের পূজার থিম ‘স্বপ্ন দিয়ে বোনা এক কাল্পনিক জগত’। স্বপ্ন, কল্পনা ও শিল্পের সমন্বয়ে নির্মিত এই ভাবনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

থিমের ভাবনাকে বাস্তব রূপ দিতে প্যান্ডেল সাজানো হবে হস্তচালিত তাঁতের সামগ্রী, রঙিন ফিতা, সুতা, বিভিন্ন শিল্পকর্ম ও ঐতিহ্যবাহী কারুশৈলীর মাধ্যমে। প্যান্ডেলের নকশা ও সজ্জায় থাকবে সৃজনশীলতার বিশেষ ছাপ। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাকেও স্থাপন করা হবে বিশেষ কাঠামোর মধ্যে। প্রায় ১২ ফুটেরও বেশি উচ্চতার প্রতিমাটি থিম-ভিত্তিক কাঠামোর ঠিক মাঝখানে স্থাপন করা হবে।

এবারের পূজার জন্য কমিটির পক্ষ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রতিমা নির্মাণের দায়িত্বে থাকছেন পশ্চিমবঙ্গের মৃৎশিল্পী শ্যামল পাল। অন্যদিকে, প্যান্ডেল নির্মাণ ও সম্পূর্ণ থিমকে বাস্তবায়িত করার দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের ডেকোরেটার প্রবীর দত্ত ও তাঁর সহকর্মীরা। আলোকসজ্জার দায়িত্বে থাকবে আলিপুরদুয়ারের ধর ইলেকট্রিক। ফলে প্রতিমা, প্যান্ডেল ও আলোকসজ্জার সমন্বয়ে এবারের পূজায় একটি আকর্ষণীয় দৃশ্যপট তৈরি হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

পূজার বিভিন্ন আয়োজনেও থাকবে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে ‘বিধান সংঘ মহিলা গোষ্ঠী’ পূজার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমিটির সভাপতি অজয় কুমার পাল, বিশ্বজিৎ রায় ও অংশুমান দে। সাধারণ সম্পাদক যুগল বণিক ও মলয় সাহা। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন রূপক দে ও জয়ন্ত পাল। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার প্রতিটি আয়োজন সুচারুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

পূজার সূচনালগ্ন থেকেই থাকবে ঐতিহ্য ও উৎসবের মেলবন্ধন। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন সকালে পুরুষ ও মহিলা সদস্যদের সম্মিলিত উদ্যোগে প্রভাতফেরির মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হবে। মহালয়ার আবহে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে শারদোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।

আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় দুর্গামূর্তি ও প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণে উৎসবের আবহ আরও জমে উঠবে বলে আশা করা হয় । দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরকারের নির্ধারিত নিয়ম ও নীতি মেনে পূজামণ্ডপে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা রাখা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবারের মতো এবারও পূজার অন্যতম আকর্ষণ হবে শারদীয় স্মারক ‘প্রণাম’। পূজার মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই শারদীয় স্মারকের উন্মোচন করা হবে।

No comments

Powered by Blogger.