Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পান্ডু বিবিসি কলোনির নেতাজি পার্ক সর্বজনীন দুর্গাপূজার থিম ‘ বটদ্রবা থান’ খুঁটি পূজা দিয়ে সূচনা


মালিগাঁও, ২ আগস্ট: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে পান্ডু বিবিসি কলোনির নেতাজি পার্ক সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি আনুষ্ঠানিক ভাবে শুরু হল রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে।

 এদিন পূজা কমিটির সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এবারের দুর্গাপূজার শুভ সূচনা করা হয়। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ বছরের প্যান্ডেলের মূল থিম রাখা হয়েছে   বটদ্রবা থান।

কমিটির সভাপতি বিকাশ দাস ও সাধারণ সম্পাদক দেবব্রত দত্ত জানান, এবারের থিমে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে। সেই সঙ্গে অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের আধুনিক সুর ও সাংস্কৃতিক অবদানকেও একই সূত্রে বেঁধে উপস্থাপন করা হবে। তাঁদের কথায়, শঙ্করদেবের আধ্যাত্মিক শিক্ষা থেকে শুরু করে জুবিন গার্গের আধুনিক সঙ্গীত—এই দীর্ঘ যাত্রাপথই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের হৃদয়কে একসূত্রে গেঁথে রেখেছে, আর সেই ভাবনাকেই এবারের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

এছাড়াও প্যান্ডেলে সামনে জুবিন গার্গের একটি বিশেষ প্রতিচ্ছবি স্থান পাবে, যা অসমের ঐতিহ্য, সঙ্গীত, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হয়ে উঠবে।

এদিকে, শিবসাগর জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে এবারের পূজার বাজেটে কিছুটা সংযম আনার সিদ্ধান্ত নিয়েছে পূজা কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, অযথা ব্যয় কমিয়ে সেই অর্থের একটি অংশ বন্যার্ত মানুষের সহায়তায় ব্যয় করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দের পাশাপাশি মানবিক দায়বদ্ধতার এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা।

পূজা কমিটির সদস্যরা আরও জানান, এবারের দুর্গাপূজার শুভ উদ্বোধন অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের সহধর্মিণী গরিমা গার্গের হাত দিয়ে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় । 

ঐতিহ্য, সংস্কৃতি, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয়ে এবারের নেতাজি পার্ক সর্বজনীন দুর্গাপূজা বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

No comments

Powered by Blogger.