বিশিষ্ট চিকিৎসক ডাঃ কল্যাণ কুমার সেন লস্করের প্রয়াণে পাণ্ডু-মালিগাঁওয়ে শোকের ছায়া
গুৱাহাটী, ৮ আগস্ট: পাণ্ডু-মালিগাঁও অঞ্চলের বিশিষ্ট ও মানবদরদী চিকিৎসক ডাঃ কল্যাণ কুমার সেন লস্কর শনিবার সকালে ৮টা ৪৫ মিনিটে একটি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের সংবাদে সমগ্র পাণ্ডু-মালিগাঁও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
ডাঃ কল্যাণ কুমার সেন লস্করের একমাত্র পুত্র কামনাসিস সেন জানান, কর্মজীবনে চিকিৎসকবাবু পাণ্ডু ইনস্টিটিউট কলোনিতে বসবাস করতেন। পরবর্তীকালে রেস্ট ক্যাম্প কালীবাড়ির নিকটবর্তী রেলওয়ে কোয়ার্টারেও দীর্ঘদিন ছিলেন। ১৯৪৭ সালে জন্মগ্রহণকারী ডাঃ সেন লস্কর মালিগাঁও নেতাজি বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে কটন কলেজে অধ্যয়ন করেন। এরপর গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে সরকারি চিকিৎসা পরিষেবায় যোগ দেন এবং মালিগাঁও সেন্ট্রাল হসপিটাল থেকে ২০০৭ সালে মেডিকেল চিফ ডিরেক্টর হিসেবে অবসর গ্রহণ করেন।
জ্যেষ্ঠ নাগরিকরা জানান, ডাঃ সেন লস্কর ছিলেন অত্যন্ত মানবদরদী ও সহৃদয় মানুষ। এলাকার প্রায় প্রতিটি মানুষকেই তিনি চিনতেন। তাঁর কাছে চিকিৎসার জন্য গেলে রোগীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও খোঁজখবর নিতেন। তাঁর চিকিৎসায় এলাকার বহু মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এমনকি কেউ ব্যক্তিগত বা অন্য কোনো সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে তিনি আন্তরিকভাবে সমাধানের পথ দেখিয়ে দিতেন।
রেলওয়ে চিকিৎসালয় থেকে অবসর নেওয়ার পর তিনি পাণ্ডব নগরে বসবাস করতেন। পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়লে তাঁর একমাত্র পুত্র উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যান। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পাণ্ডু-মালিগাঁওবাসী এক মানবিক চিকিৎসক ও আপনজনকে হারালেন।

No comments