নীলাচল ফ্লাইওভারের সার্ভিস লেন বন্ধ, ড্রেন সংস্কারে বিকল্প পথে গাড়ি চলাচলের নির্দেশ।
গুৱাহাটী , ২৩ জুলাই: ধারাবাহিক বৃষ্টির সময় পাহাড় থেকে নেমে আসা অতিরিক্ত জল ড্রেনের পরিবর্তে রাস্তায় প্রবাহিত হওয়ায় নীলাচল ফ্লাইওভারের সংলগ্ন সার্ভিস লেনে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যা দেখা দেয় । এর ফলে পথচারী ও যানবাহন চালকদের নানাবিধ দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে (পি ডব্লিউ ডি) বিভাগ ড্রেন সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।
এই কাজের স্বার্থে বৃহস্পতিবার থেকে নীলাচল ফ্লাইওভারের গায়ে থাকা সার্ভিস লেনটি সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। ড্রেন মেরামত ও পরিষ্কারের কাজ চলাকালীন সময়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদাবাড়ি তিন আলী থেকে মালিগাঁও চারিয়ালির দিকে যাওয়া যানবাহনকে আদাবাড়ি তিনিআলি হয়ে পান্ডু পোর্ট রোড, কেবিন ও বড় বাজার হয়ে মালিগাঁও চারিয়ালিতে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নীলাচল ফ্লাইওভার ব্যবহার করেও যান চলাচল করা যাবে।
জালুকবাড়ি টেরিটোরিয়াল রোড ডিভিশনের (নির্মাণ) জুনিয়র ইঞ্জিনিয়ার (জে ই) তাহরুল্লা আহমেদ জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ড্রেন সংস্কারের কাজ শেষ করতে প্রায় ২৮ দিন সময় লাগবে। তিনি আরও বলেন, ড্রেনে প্লাস্টিকের বোতল বা অন্যান্য বর্জ্য ফেলার প্রবণতার কারণেই অনেক সময় জল নিষ্কাশন ব্যাহত হয়। তাই তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, কেউ যেন ড্রেনে জলের বোতল বা অন্য কোনো আবর্জনা না ফেলেন। ড্রেন পরিষ্কার থাকলে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
অন্যদিকে, জালুকবাড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও বিশেষ করে টোটোচালকসহ সকল যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আদাবাড়ি তিনিআলি, পান্ডু পোর্ট রোড, কেবিন, বড় বাজার থেকে মালিগাঁও চারিয়ালি পর্যন্ত বিকল্প রুটে চলাচলের সময় যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করতে। এতে যানজট এড়ানো এবং সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।



No comments