অম্বুবাচী মেলা: অস্থায়ী শিবিরে ভক্তদের বিনামূল্যে ম্যালেরিয়া পরীক্ষা ও চিকিৎসা
গুয়াহাটি, ২২ জুন: ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মা কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে নীলাচল পাহাড় ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। এই বিশাল ধর্মীয় মহাসমাগমকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও অসম সরকারের পক্ষ থেকে ভক্তদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে একাধিক বিনামূল্যে চিকিৎসা শিবির।
এবারের মেলায় পুণ্যার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম প্রধান আকর্ষণ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ম্যালেরিয়া শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থা। মেলা উপলক্ষে তৈরি অস্থায়ী শিবিরগুলোতে আগত ভক্তদের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের চিহ্নিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পান্ডু পোর্টের অস্থায়ী চিকিৎসা শিবিরে কর্মরত ফার্মাসিস্ট তরুণ কুমার সিংহ জানান যে অসম সরকারের চিকিৎসা বিভাগের অধীনস্থ এনভিবিডিসি-র অধীনে সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আজ সকাল থেকে প্রায় শতাধিকও অধিক ভক্তের ম্যালেরিয়া পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা হয়েছে।
শিবির সূত্রে জানা গেছে, রক্ত পরীক্ষায় যাদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যাচ্ছে, তাদের তৎক্ষণাৎ সরকারি নির্দেশিকা মেনে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হচ্ছে এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ম্যালেরিয়া রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার এই বিশেষ অভিযান অম্বুবাচী মেলার শেষ দিন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে জারি থাকবে।

No comments