Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডু কলেজে বক্তৃতা ও গ্রন্থ প্রদর্শনী অনুষ্ঠান সম্পূর্ণ


 

গুয়াহাটি, ১৫ মে : গুয়াহাটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাণ্ডু মহাবিদ্যালয়ে শুক্রবার বাংলা বিভাগের উদ্যোগে বাংলা স্বাধীনতা-সাহিত্য বিষয়ক একটি অনবদ্য বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে স্বাধীনতা কেন্দ্রিক অনেক দুষ্প্রাপ্য মূল্যবান গ্রন্থের প্রদর্শনী হয়। এ দিনের অনুষ্ঠানে বাংলা বিভাগের তরফ থেকে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। 

তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিভাগীয় অধ্যাপক ড. সঞ্জয়চন্দ্র দাস। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বাংলা বিভাগীয় প্রধান ড. তিমির দে। তারপর বাংলা স্বাধীনতা-সাহিত্য বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি ড. জ্যোতির্ময় সেনগুপ্ত। তাঁর মূল্যবান বক্তব্যে উঠে আসে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বহু মূল্যবান তথ্য। বাংলা সাহিত্য কীভাবে স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছিল সেই বিষয়ে তিনি আলোকপাত করেন। 

প্রসঙ্গক্রমে তিনি অসম ও উত্তর-পূর্বাঞ্চলের বাংলা সাহিত্য এবং স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরেন। পরবর্তী দুজন বক্তা ছিলেন অসমের বিশিষ্ট কবি ও সাহিত্যিক সঞ্জয় চক্রবর্তী ও বিমলেন্দু ভৌমিক। সভাগৃহের সকলে মন্ত্রমুগ্ধের মতো তাঁদের বক্তব্য শুনে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উল্লিখিত বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন বিভাগের প্রবীণ অধ্যাপক ড. শান্তনু রায়চৌধুরী। এদিনের অনুষ্ঠানে তিনি তাঁর ব্যক্তিগত গ্রন্থাগার থেকে প্রায় একশত পঞ্চাশটি গ্রন্থ প্রদর্শনীর জন্য নিয়ে আসেন এবং বিশেষ গ্রন্থগুলোর পরিচয় তিনি জনসমক্ষে তুলে ধরেন।  এদিনের অনুষ্ঠানে নিরিবিচ্ছিন্নভাবে উপস্থিত ছিলেন পাণ্ডু মহাবিদ্যালয়-সহ অন্যান্য মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। তাছাড়া স্থানীয় গুণীজনেরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা সুচিত্রা বেরা। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সঞ্জয়চন্দ্র দাস।

No comments

Powered by Blogger.