প্রধানমন্ত্রীর খানাপাড়ায় বুথ বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ
গুয়াহাটি,14 ফেব্রুয়ারি একদিনের অসম সফরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার খানাপাড়ায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি), অসম প্রদেশের উদ্যোগে আয়োজিত ‘বুথ বিজয় সংকল্প সভা’-য় অংশগ্রহণ করেন। সভামঞ্চে উপস্থিত হয়ে তিনি অসমিয়াতেই ভাষণ শুরু করেন। ‘জয় আই অসম’ ধ্বনিতে নিজের বক্তব্যের সূচনা করে তিনি উপস্থিত কর্মীদের অভিবাদন জানান।
প্রধানমন্ত্রী বলেন, অসমের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তাঁর কথায়, বুথ স্তরের কর্মীরাই দলের প্রকৃত চালিকা শক্তি। জনসেবাকে ধর্ম হিসেবে গ্রহণ করার জন্য তিনি কর্মীদের ধন্যবাদ জানান।
তিনি দাবি করেন, বিজেপি সরকারের আমলে অসম কংগ্রেসের তুলনায় পাঁচ গুণ বেশি অর্থ পেয়েছে এবং প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকার অনুদান লাভ করেছে। এবারের বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়ে এবং পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পায়। আগামিদিনে ব্রহ্মপুত্র নদে নদী পর্যটন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মৰাণের জাতীয় সড়কে যুদ্ধবিমান অবতরণ একটি ঐতিহাসিক ঘটনা। আজ অসমে নতুন ইতিহাসের সূচনা হয়েছে—এখন শুধু গাড়িই নয়, রাজপথে যুদ্ধবিমানও অবতরণ করছে। তাঁর মতে, অসমে বিজেপি সরকার থাকার ফলেই এই ধরনের উন্নয়ন সম্ভব হয়েছে।

No comments