Header Ads

https://drive.google.com/file/d/1KYvwcVfpdZA0pOa_z8Gqbqub5aWa8YEk/view?usp=sharing.jpg

পাণ্ডুতে নতুন ভোটারদের সচেতন করতে মোবাইল ভ্যানে বিশেষ প্রশিক্ষণ শিবির


গুয়াহাটি, ১৭ ফেব্রুয়ারীঃ আসন্ন অসম বিধানসভার সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও প্রশিক্ষিত করতে উদ্যোগ গ্রহণ করেছে কামরূপ মহানগর জেলা প্রশাসন। সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ও নির্ভুলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই মোবাইল ভ্যানের সহযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

বুধবার এই কর্মসূচির অংশ হিসেবে ছয় নম্বর ওয়ার্ডের ভোটারদের জন্য পান্ডু আদর্শ হাই স্কুল ভোটকেন্দ্রে ও তিন নম্বর ওয়ার্ডের ভোটারদের জন্য পান্ডু এম.পি.এম.ই হাইস্কুল ভোটকেন্দ্রে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নতুন ভোটারদের উপর, যাতে তারা প্রথমবার ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন।



প্রশিক্ষণ শিবিরে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এবং ভি ভি পি এ টি  মেশিনের মাধ্যমে হাতে-কলমে ভোটদানের সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন করা হয়। ভোটাররা কীভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন, কীভাবে নিজের নাম যাচাই করবেন ও কীভাবে ইভিএম মেশিনে ভোট প্রদান করবেন—তার প্রতিটি ধাপ বিস্তারিতভাবে বোঝানো হয়। পাশাপাশি ভি ভি পি এ টি  মেশিনে ভোট দেওয়ার পর কীভাবে প্রার্থীর নাম ও প্রতীক প্রদর্শিত হয়, তাও দেখানো হয়।

উপস্থিত নতুন ভোটাররা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ও নানা প্রশ্নের মাধ্যমে নিজেদের সংশয় দূর করেন। প্রশাসনের এই উদ্যোগে ভোটারদের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে মত প্রকাশ করেন অনেকেই।

কামরূপ মহানগর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.