Friday, July 31, 2026

জল কমলেও দুর্ভোগ কাটেনি, শিবসাগরের বন্যার্তদের পাশে মালিগাঁও প্রেস ক্লাব


গুয়াহাটি, ৩১ জুলাই: বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করলেও দুর্ভোগের শেষ হয়নি উজান অসমের বিস্তীর্ণ এলাকার মানুষের। বিশেষ করে শিবসাগর জেলার বিভিন্ন অঞ্চলে এখনও বহু পরিবারের চরম সংকটের মধ্যে দিন কাটছে । ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাব, পাশাপাশি স্বাস্থ্যজনিত সমস্যাও দিন দিন বেড়েই চলেছে। এমন কঠিন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে মালিগাঁও প্রেস ক্লাব।

গুয়াহাটির পান্ডু এলাকার রাইনোজ গ্রুপ ফর হিউম্যানিটি অ্যান্ড ওয়েলফেয়ার-এর সদস্যদের সহযোগিতায় মালিগাঁও প্রেস ক্লাবের সদস্যরা শিবসাগর জেলার বন্যাপীড়িত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ  নেয় । প্রেস ক্লাবের সদস্যরা  শিবসাগর জেলার আমগুড়ি, ভাধরা-সহ একাধিক বন্যাকবলিত অঞ্চলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়।

এছাড়াও জাতীয় সড়কের ওপর গড়ে ওঠা অস্থায়ী ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাদ্য, মশারি (মাদুর), স্যানিটারি প্যাড, পোশাক, বিশুদ্ধ পানীয় জল, ব্লিচিং পাউডার ও অন্যান্য সামগ্রী। বিশেষ করে নারী ও শিশুদের প্রয়োজনের কথা বিবেচনা করে স্যানিটারি প্যাড ও অন্যান্য জরুরি সামগ্রীও বিতরণ করা হয়।

মালিগাঁও প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগে উপকৃত হন বহু বন্যাদুর্গত পরিবার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু ত্রাণ বিতরণই নয়, দুর্গত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মালিগাঁও প্রেস ক্লাব এবং রাইনোজ গ্রুপ ফর হিউম্যানিটি অ্যান্ড ওয়েলফেয়ারের এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। বন্যার জল কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে এখনও অনেক সময় লাগবে। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠনকে এগিয়ে এসে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। এই দুর্যোগের সময়ে যারা মালিগাঁও প্রেস ক্লাবের উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়।

No comments:

Post a Comment