মালিগাঁও, ১৩ জুলাই: প্রতিবছরের ন্যায় এ বছরও গুয়াহাটির পাণ্ডু স্টোর গেটস্থিত শ্রী গোবিন্দজি গৌড়ীয় মঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়ে, আগামী ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে। ইতিমধ্যেই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
মন্দির কমিটির তথ্য অনুযায়ী, ১৬ জুলাই বিকেলে জগন্নাথ দেবের সুসজ্জিত রথ বের করা হবে। রথটি পাণ্ডু স্টোর গেটস্থিত মন্দির থেকে যাত্রা শুরু করে পাণ্ডু বাজার, কলেজ গেট, বড়বাজার, মালিগাঁও, গোশালা, বি.জি. কলোনি এবং আদাবাড়ি তিনআলি পরিক্রমা করবে। এরপর পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে এসে রথযাত্রার শোভাযাত্রার সমাপ্তি ঘটবে। রথযাত্রার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর অংশগ্রহণের আশা প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ।
এই উৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন কার্যসূচির মধ্যে থাকবে শ্রীমদ্ভাগবত পাঠ, নগর নাম-কীর্তন, কীর্তন, মঙ্গলা আরতি এবং সন্ধ্যা আরতি। এছাড়াও প্রতিদিন দুপুরে ভগবানকে ভোগ নিবেদন করা হবে এবং উপস্থিত সকল ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভক্তিভাবের এক অনন্য মিলনক্ষেত্র। তাই সকল ধর্মপ্রাণ মানুষকে এই উৎসবে অংশগ্রহণ করে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণের আহ্বান জানানো হয়ে।


No comments:
Post a Comment