গুৱাহাটী, ১৮ জুন: মা কামাখ্যার পবিত্র অম্বুবাচী মেলা উপলক্ষে বৃহত্তর পান্ডু মালিগাঁও অম্বুবাচী মেলা সমিতির উদ্যোগে এক বিশেষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শিবিরের আয়োজন করা হয়েছে। পান্ডু কলেজ গেট সংলগ্ন উওসারথি খেলার মাঠে অনুষ্ঠিত এই শিবিরকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে ভক্তবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শিবির রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগে আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক চর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচি আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে। সাতদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিন বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হবে।
শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন গুজরাট থেকে আগত গিরি নাথ ধামের ১০০৮ শ্রী মহামণ্ডলেশ্বর পূজ্য কেনকেশ্বরী দেবী। তিনি ভক্তদের উদ্দেশ্যে শ্রীমদ্ভাগবত কথামৃত পাঠ ও ধর্মীয় আলোচনা করবেন। তাঁর আধ্যাত্মিক বাণী ও ধর্মীয় উপদেশ শ্রোতাদের মধ্যে ভক্তি, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকদের আশা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিদিনের সাংস্কৃতিক আসরে পরিবেশিত হবে অসমের ঐতিহ্যবাহী বরগীত, নাগারা নাম, ওজাপালি, ভক্তিগীতি এবং বাউল গীতি। এই পরিবেশনাগুলির মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় আবহ সৃষ্টি হবে, তেমনি স্থানীয় লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও প্রসারেও সহায়ক ভূমিকা পালন করবে।
আয়োজক সমিতির সদস্যরা জানান, অম্বুবাচী মেলার সময় দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী, ভক্ত ও দর্শনার্থীদের জন্য এই শিবির এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠবে। ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতি, আধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বৃহত্তর পান্ডু মালিগাঁও অম্বুবাচী মেলা সমিতি সকল ভক্ত, ধর্মপ্রাণ মানুষ এবং সংস্কৃতিপ্রেমীদের এই সাতদিনব্যাপী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

No comments:
Post a Comment