Saturday, June 6, 2026

কামাখ্যা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন



গুয়াহাটি, ৬ জুন : পরিবেশ হলো আমাদের চারপাশের জীব, জড়, প্রকৃতি ও প্রতিবেশের সমষ্টি। মানুষের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য নির্মল পরিবেশ অপরিহার্য। কিন্তু আধুনিকায়ন, শিল্পায়ন ও মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে আজ পরিবেশ মারাত্মক সংকটের মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে এবং “প্রকৃতি বাঁচলেই সুরক্ষিত থাকবে মানব সভ্যতা” এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার সারা দিন ব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালিগাঁওস্থিত কামাখ্যা বিদ্যালয়ের সবুজে ঘেরা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।



কামাখ্যা বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এবং বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ছিল এক মনোরম ও সুশৃঙ্খল পরিবেশ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক প্রাক্তনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক শ্রী বিজন রায় ভৌমিক, শিক্ষিকা শ্রীমতি চম্পা সূত্রধর ও শ্রীমতি উর্মীমালা বুজড়বড়ুয়া। প্রাক্তনী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দুলাল মজুমদার, সম্পাদক  নবাশীষ পাল এবং বর্ষীয়ান সদস্য শ্রী স্বপন পাল। বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশবান্ধব সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশের অন্যতম শত্রু প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। তাঁদের আবেগপূর্ণ ও তথ্যসমৃদ্ধ বক্তব্য ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার এক নতুন আগ্রহ সৃষ্টি করে।



বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহ  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তনী এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা একযোগে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় কুড়িটিরও বেশি গাছ রোপণ করেন। শুধু গাছ লাগিয়েই নয়, ভবিষ্যতে সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকারও গ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। প্রতিদিন গাছগুলোর যত্ন নেওয়ার শপথও তারা গ্রহণ করে।

অন্যদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের তিনটি পৃথক বিভাগে ভাগ করে বিজয়ীদের পুরস্কার ও মানপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন শ্রীযুক্ত বিজন রায় ভৌমিক, শ্রীমতি কাবেরী রায় এবং শ্রীমতি রমা ভৌমিক।


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সকলকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানটির সফল ও সুষ্ঠু আয়োজনের জন্য কামাখ্যা বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি। পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।




No comments:

Post a Comment