আদাবাড়িতে আধুনিক যন্ত্রের সাহায্যে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ, কাজের দায়িত্বে রাশা ইনফ্রাস্ট্রাকচার
গুয়াহাটি, ৩ নভেম্বর: মহানগরীর সংগৃত আবর্জনা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুসংগঠিত ও কার্যকর করে তুলতে আদাবাড়িতে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক রিফিউজ ট্রান্সফার স্টেশন কাম মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি।
গুয়াহাটি পুরনিগমের (জিএমসি) উদ্যোগে প্রায় ১৮.৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজের দায়িত্বে রয়েছে মেসার্স রাশা ইনফ্রাস্ট্রাকচার।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার তত্ত্বাবধানে ও গুয়াহাটি পুরনিগমের উদ্যোগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়। গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায় প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর ওএসডি হেমন্ত চৌধুরী, গুয়াহাটি পুরনিগমের মেয়র মৃগেন সরনিয়া, উপমেয়র স্মিতা রায় ও সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলররা।
প্রকল্পটির ব্যয়ভার বহন করা হয়েছে ১৫তম অর্থ কমিশনের স্বচ্ছ ভারত মিশন এবং ষষ্ঠ অসম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দকৃত তহবিল থেকে। এর আওতায় আদাবাড়ি ও মালিগাঁও-গুয়াহাটি পুরনিগমের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডের আবর্জনা ব্যবস্থাপনা পরিকাঠামোর উন্নয়ন করা হবে।
প্রকল্পটির অন্যতম প্রধান আকর্ষণ হলো দৈনিক ১৫০ মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতাসম্পন্ন রিফিউজ ট্রান্সফার স্টেশন। এখানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত আবর্জনা একত্রিত করে হাইড্রোলিক কমপ্যাক্টরের সাহায্যে চাপ দিয়ে তার আয়তন কমানো হবে। পরবর্তী পর্যায়ে বিশেষভাবে সিল করা কনটেনারে বর্জ্য পরিবহণ করা হবে। এই পদ্ধতিতে আবর্জনার পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে। ফলে বর্জ্য পরিবহণ ও পরবর্তী ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।
অন্যদিকে, দৈনিক ১০০ মেট্রিক টন বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতাসম্পন্ন মেটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিতে আধুনিক যান্ত্রিক পদ্ধতিতে শুকনো বর্জ্য পৃথক করা হবে। এর মাধ্যমে প্লাস্টিক, কাগজ, ধাতু-সহ বিভিন্ন পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী আলাদা করে বেলিংয়ের মাধ্যমে পুনর্ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠানগুলিতে পাঠানো হবে।
এই প্রকল্প চালু হলে মহানগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহণ, পৃথকীকরণ এবং পুনর্ব্যবহারের প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে বলে আশা করা হয়।বিশেষ করে আদাবাড়ি ও মালিগাঁও অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনায় এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া প্রকল্পের আওতায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং সম্পূর্ণরূপে চালু করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণের দায়িত্বও প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।



No comments